নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার পরিচালিত অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা এবং মাটি বহনকারী যানবাহনের চলাচলের মাধ্যমে সরকারি সড়কের ক্ষতিসাধনের বিষয়টি প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাদের দোষী সাব্যস্ত করেন। পরে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিভিন্ন স্থানে বহন করা হচ্ছিল। এতে একদিকে কৃষিজমির ক্ষতি হচ্ছিল, অন্যদিকে ভারী যানবাহনের চলাচলের কারণে সরকারি সড়কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাটি কাটা ও পরিবহনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।