নোয়াখালীতে অবরোধের দ্বিতীয় দিনে বিভিন্ন মোড়ে বিএনপির ঝটিকা মিছিল।
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে মোড়ে মোড়ে ঝটিকা মিছিল করেছে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা ।
বুধবার (১ নভেম্বর) সকালে জেলা শহর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের সড়ক থেকে শুরু হয়ে একটি মিছিল কয়েকশ গজ অতিক্রম করেই ছত্রভঙ্গ হয়ে যায়। একই সময় শহরের রশিদ কলোনির সামনের সড়ক থেকে শুরু হয়ে আরেকটি মিছিল কিছু দুর অতিক্রম করে।
মিছিল দুইটির নেতৃত্ব দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ও সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান। এ সময় তারা অবরোধের পক্ষে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে ওই এলাকায় টহল জোরদার করে।
বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, অবরোধকে কেন্দ্র করে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করলেও প্রধান সড়কসহ বেশিরভাগ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে সড়কে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে যানবাহন চলাচল ধীরে ধীরে বাড়ছে। তবে ছেড়ে যায়নি কোনো দূর পাল্লার বাস।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, পুলিশের কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। অবরোধের নামে নাশকতা ঠেকাতে মাঠে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পুলিশের বিভিন্ন টিম জনগণের নিরাপত্তায় কাজ করছে।