নোয়াখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক / গণমাধ্যমের জন্য নীতিমালা সংক্রান্ত অবহিকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা বলেন, আগের নির্বাচনে সাংবাদিকদের পাশাপাশি অনেক অসাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি গলায় সাংবাদিক কার্ড ঝুলিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারসহ অনিয়ম করেছেন। তাদের কারণে সাংবাদিক সমাজেরও অনেক দুর্নাম হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘এবার যে নির্বাচন হবে সেটা সম্পর্কে মাথায় নতুন মেমোরি সেট করে নিন, আমিও নিয়েছি। আগের নির্বাচনে কী হয়েছে তা ডিলিট করে দিন, আমিও ডিলিট করে দিয়েছি। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বলতে যা বোঝায় তাই হবে।’
তিনি বলেন, ‘জেলার ৬টি সংসদীয় আসনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে নির্ভয়ে সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন। কারণ আমরা যা করবো তা সাংবাদিক না দেখলে প্রচার হবে কিভাবে।
এসময় জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ) বিজয়া সেনসহ প্রশাসনের কর্মকর্তা, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, ও সাধারন সম্পাদক আবু নাছের মন্জু, যুগ্ন সম্পাদক এ আর আজাদ সোহেল, যুগ্ন সম্পাদক আকবর হোসেন সোহাগ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদগন উপস্থিত ছিলেন।