সেনবাগে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন সংসদ সদস্য মোরশেদ আলম এমপি।
আওয়ামী লীগে কোনো দলছুট নেতার ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম।
ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগে দলছুট নেতার ঠাঁই নেই। অনেকে বিএনপি থেকে এসে নব্য আওয়ামী লীগ সাজছে। তাদের হাতে আওয়ামী লীগ নিরাপদ নয়।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সীরহাট বাজারে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলীয় সভাপতি যাকে মনোনয়ন দেবেন তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন মোরশেদ আলম। তিনি বলেন, ‘শেখ হাসিনার নৌকা যে-ই পাবে, আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকব।’
বিএনপি সরকারের আমলে তাদের নির্যাতনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে দেশ ছাড়তে হয়েছিল মন্তব্য করে মোরশেদ আলম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ভালো আছে। বিএনপির আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারত না। বাজারে উঠতে পারত না। কোনো কাজ করতে পারত না। অথচ আমরা চাই সবাই শান্তিতে থাকুক।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হয়েছে। মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। গৃহহীনরা মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করতে হবে।’
মোরশেদ আলম বলেন, ‘মানুষ হরতাল-অবরোধ চায় না। আগুন সন্ত্রাস চায় না। মানুষ শান্তি চায়। বিএনপি ক্ষমতায় এলে জ্বালাও-পোড়াও হবে। মানুষ হত্যা করবে।’
এ সময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।