দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশবাসীকে আগামীকাল (১৯ ডিসেম্বর) মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।
হরতালের সমর্থনে জুরাইনে বিএনপির মশাল মিছিল
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই হরতাল একদফা দাবি আদায়ের হরতাল। এই দাবি হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ, এই দাবি হচ্ছে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে অবাধ সুষ্ঠু নির্বাচন। এই দাবি হচ্ছে অবৈধ তফসিল বাতিল, এই দাবি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপি মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মীর মুক্তি… এসব দাবিতে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল হবে।
রুহুল কবির রিজভী বলেন, এই হরতাল সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংশ্লিষ্ট সকলের প্রতি, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা এই হরতালে সাহসের সাথে রাজপথে বেরিয়ে এসে শান্তিপূর্ণ হরতাল পালন করবেন। সকলের প্রতি আহ্বান আগামীকাল সর্বাত্মকভাবে হরতাল পালন করুন।