দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় ভোটের আমেজ তৈরী হয়েছে। তবে জেলার ৬টি আসনের মধ্যে নোয়াখালী-৪, নোয়াখালী-৩ ও নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীদের চাপে রয়েছেন নৌকার প্রার্থীরা।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকে নোয়াখালী-৪ আসনের সদর উপজেলার আন্ডারচর ও দাদপুর ইউনিয়ন’সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
ট্রাক মার্কার প্রচারণায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন’সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এসময় স্থানীয় প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে শিহাব উদ্দিন শাহিনের পক্ষে ভোটারদের উচ্ছ্বাস দেখা গেছে। স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন বলেন, এখানে যিনি বর্তমানে নৌকা মার্কা নিয়ে ভোট করছেন, তিনি একজন বর্হিরাগত লোক, তাঁর বাড়ি কবিরহাট। এখানকার মানুষ তাকে সুখে-দুঃখে কাছে পায়না। গত ১৫টি বছর সদর-সুবর্নচরের মানুষ তাঁর কাছ থেকে শোষনের শিকার হয়েছেন। এবার মানুষ পরিবর্তনের লক্ষ্যে- উন্নয়নের স্বার্থে নৌকার মাঝির বিরুদ্ধে অবস্থান নিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়ে স্থানীয় প্রতিনিধি নির্বাচন করবেন। ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি প্রদানের অভিযোগ তুলে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান শাহিন। এদিকে সুবর্ণচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট চেয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একরামুল করিম চৌধুরী। বিকালে জেলার কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে গণসংযোগ করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। অপরদিকে বুধবার দুপুরে বেগমগঞ্জের বিসিক শিল্প নগরীতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নৌকা মার্কার সমর্থনে বিশেষ বর্ধিত সভায় স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান নোয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। এসময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পথসভা ও গণসংযোগ করেছেন নোয়াখালী-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এইচএম ইব্রাহিম। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র ভোটারদের সামনে তুলে ধরেন। তাঁকে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। সকাল থেকে সেনবাগের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক। তাঁর গণসংযোগে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।নোয়াখালী-৬ হাতিয়া আসনে ভোটারদের দুয়ারে গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।