খুলনা ব্যুরো:
ঝিনাইদহের মহেশপুরে বিক্ষুব্ধ জনতার জনতার গণধোলাইয়ে রাশেদ শেখ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও দুই ব্যক্তি গণধোলইয়ে আহত হয়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন তারা।
রাশেদ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। একই সময় গণপিটুনিতে আহত দুইজন হলেন— নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। তাদেরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, আজ ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন তারা। এসময় উত্তেজিত জনতা তাদেরকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ নিহত হন। আহত হন আরও দুই ব্যক্তি। এসময় শরিফুল ইসলাম নামে একজন পালিয়ে যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হতাহতরা পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। এর আগেও বটার বাবা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চোরের দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন ধরে মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত রয়েছে বলেও জানান স্থানীয়রা।
মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিনজন গণপিটুনির শিকার হন। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।