চাঁদাবাজ-লুটপাটকারীদের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান। তিনি বলেন, আপনি যতবড় নেতাই হোন অন্যায় করলে দল আপনাকে এতোটুকুও ছাড় দেবে না।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে আয়োজিত একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা মোঃ
শাহজাহান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমান বলেছেন, সামনের নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই জনগণের মন জুগিয়ে আপনাকে চলতে হবে। যে কাজে জনগণ নাখোশ হয়, তা করা যাবে না। তাছাড়া অন্যায় কোনো কাজ করে এ মুহূর্তে দলের বিরাগভাজন হবেন না।
সামাজিক সংগঠন ‘বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন’ ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান,বিএনপি সাবেক যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ মিয়া প্রমুখ।