ফাইল ছবি
দেশজুড়ে নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির জন্য মির্জা আব্বাসকে সভাপতি করে সেল গঠন করা হয়েছে। ফাইল ছবি
দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে একটি সেল গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৩ ফেব্রুয়ারি জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সেলের কার্যক্রম চলবে সারা দেশে।
৮ সদস্যের সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে। এর বাইরে সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে করা হয়েছে সদস্য সচিব।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী-খাল-জলাশয় খননের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে। বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় করবে। খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে দিকনির্দেশনা দেবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারের উদ্যোগ নেবে।