৮নং ওয়ার্ড সোনাপুরের বিভিন্ন স্থানে সামাজিক বিশৃঙ্খলা ও ছোট-বড়দের মধ্যে আদব-কায়দা ও মাদক গ্রহণের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এসব সামাজিক অবক্ষয় রোধকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার ‘বাড়ির হুজুর (রহ.) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ওহিদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরন। বিশেষ অতিথি ছিলেন বাদ্রার আন্দ্রেজ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি ও রাজনীতিবিদ ইফতেখার হোসেন ইফতু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান আসিফ।
কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার মাস্টার্সেও ছাত্র আশিকুর রহমান ও নূরানী বিভাগের ছাত্র মো. হোসাইন। বক্তব্য রাখেনÑ নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা শাহাদাত হোসাইন, সমাজসেবক জামাল উদ্দিন, টোকিও ফুডের স্বত্বাধিকারী শামীম আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহিম জুয়েল, ব্যবসায়ী আবদুর রহমান বাপ্পি ও ব্যবসায়ী আজিম আলী।
বিশিষ্ট ব্যাংকার আক্তার হোসেন আরজুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যে ইঞ্জিনিয়ার আসিফ বলেন, সামাজিক মেলবন্ধন তৈরি ও সমাজের অবহেলিত অঞ্চলগুলোকে চিহ্নিত এবং আর্থিক সংকটে পড়া মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। তিনি আরো বলেন, আমি যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করি তাই এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে চাই। এছাড়া চাঁদাবাজি, চুরি ছিনতাই ও মাদকসহ সামাজিক নানাবিদ সমস্যা নিয়ে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম কিরন বলেন, আমাদের সবার প্রিয় ভূমি ইসলামিয়া মাদ্রাসা মোড়, জিরোপয়েন্ট, সোনাপুর কলেজ দিঘিরপাড়, গোরিয়ার মোড় ও কোল্ডস্টোরসহ এর আশপাশের মানুষের নিয়ে আজকের এ মতবিনিময় সভায় আমি আসতে পেরে সম্মানিতবোধ করছি। আর আমি কোনো অতিথির আসন অলংকৃত করতে চাই না। আমি এ এলাকার সন্তান। এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, গত কয়েক মাস এ এলাকায় কোনো জনপ্রতিনিধি নেই, তবুও সমাজের মানুষগুলো কোনো রাজনৈতিক হানাহানি-রেষারেষি ছাড়া বসবাস করছে। অথচ রাজনৈতিক শক্তি খুবই ক্ষণস্থায়ী। এ শক্তিকে দূরীভূত করে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা সমাজকে এগিয়ে নিচ্ছি, এগিয়ে যাচ্ছি। সমাজে ব্যাপক পরিবর্তনও এসেছে। সে নিরিখেই আজকে আমরা সমাজে একত্রিত হতে পেরেছি। ইনশাআল্লাহ আগামিতে আমরা আরো মজুবত সামাজিক শক্তি হিসেবে আবির্ভূত হবো। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে এবং নিরাপদ আবাস গড়ে দিতে কাজ কওে যাবো। এছাড়া ভালো কাজে বাধা আসবেই। তবে সাধারণত বাধাগুলো আসে রাজনৈতিক ও ব্যক্তিগত রেষারেষি থেকে। তিনি সমাজের নানাবিধ সমস্যা চিহ্নিত করে তা সমাধান করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
খতিব মাওলানা শাহাদাত হোসাইন কুরআন ও হাদিসের বিভিন্ন উদাহরণ টেনে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং গান-বাজনামুক্ত সমাজ বিনির্মাণে জোর দাবি জানান।
টোকিও ফুডের স্বত্বাধিকারী শামিম বলেন, এ প্রোগ্রাম আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গত ২০ বছরে আমরা এরকম প্রোগ্রাম দেখিনি। তাই এ উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, সমাজে ক্ষমতাবান যারা হন, তারা ক্ষমতার অপব্যবহার করেন বিধায় সমাজিক অপরাধগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদের সঙ্গে আছি সর্বশক্তি নিয়ে।
এডভোকেট ইব্রাহিম জুয়েল বলেন, সমাজে শ্রদ্ধা-ভালোবাসার প্রচলন নেই বললেই চলে। একে অপরকে সালাম বা কুশল বিনিময়ের যে প্রচলন অতীতে ছিল তা উবে গেছে। আমরা আজ থেকে সে প্রচলন পুনঃস্থাপন করতে চাই, আশাকরি সবাই আমার সঙ্গে একমত হবেন। এছাড়া তিনি এ মতবিনিময় সভা থেকে একটি সংগঠন তৈরি করে কমিটি করার উপর মতামত দেন।
ব্যবসাীয় আবদুর রহমান বাপ্পি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যারা এ প্রোগ্রামের সূচনা করেছেন আমি তাদের কাছে ঋণী। নোয়াখালী পৌরসভার এ ওয়ার্ডটি সারা দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওয়ার্ড হিসেবে আমি বিশ্বাস করি। কারণ এখানে রয়েছে দুটি কামিল মাদ্রাসা, একটি অনার্স লেভেলের কলেজ, কয়েকটি নামকরা স্কুল।
ব্যবসায়ী আজিম আলী বলেন, যে কোনো ভালো কাজে বাধা আসবেই। আমরা ইনশাআল্লাহ এসব বাধা উপেক্ষা করে আমাদের লক্ষ্যে পৌঁছাবোই।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক শিক্ষক কামাল উদ্দিন সবার বক্তব্যকে বিশ্লেষণ করে স্বাস্থ্যসেবা বিষয়ে বলেন, কাউন্সেলিং করেও রোগমুক্ত থাকা যায়। তাই আমি মনে করি সমাজে কিছু লোকজন অতি বদমেজাজি ধাঁচের। মূলত তারাই উচ্চ রক্তচাপসহ নানাবিধ রোগ-বালাইয়ে ভূগে থাকেন। তিনি আরো বলেন, আমি আশা করবো এ মতবিনিময় সভা থেকে একটি সংগঠন গঠন করা হোক। যা হবে একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। আমরা সমাজের সবাই মিলেমিশে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।
পরিশেষে সভার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ওহিদুল হক বাস টার্মিনালের কারণে এ অঞ্চলের শিক্ষা অবনমিত বলে মন্তব্য করেন। পরে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সভার সমাপ্তি ঘোষণা করেন।