দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আবারও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আট দফায় আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি।
সোমবার (২৭ নভেম্বর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির উদ্যোগে এই নেতা বলেন, আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এই সময়ের মধ্যে বিএনপির নেতাকর্মীদের নামে ১৫টি মামলা হয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকে ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি। এর আগে সাত দফা অবরোধ এবং দুই বার হরতাল কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।