নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ডিজিটাল টুলস ব্যবহার করে শিক্ষা কার্যক্রম মূল্যায়ন ও কর্মদক্ষতা বৃদ্ধি বিষয়ক “Ebabling the Performance and Measuring the attitude and Performance of the Teachers on using the Digital Tools for Teaching Learning and Assessment” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪) নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আইকিউএসি’র সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহকারী অধ্যাপক জনাব মোঃ ইফতেখারুল আলম ইফাত। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এবং আইআইটির প্রভাষক জনাব মোঃ ইউশা কাদির।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, বর্তমান যুগে আধুনিক যে ডিজিটাল টুলস সমূহ রয়েছে এগুলোর ব্যবহারে আপনাদের আরো দক্ষ হতে হবে। একটু চেষ্টা করলেই যেকোন প্রযুক্তি সহজেই আয়ত্ত্বে আনা যায়। নীতি এবং নৈতিকতার ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে। শিক্ষকতা একটি মহান পেশা, যেকোন সমস্যা সমাধানে সর্বপ্রথম শিক্ষকদেরই এগিয়ে আসতে হবে। অনিয়ম, দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়কে বুকে ধারণ করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুন্দর একটি মানবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তবেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে। ভাষার মাসে সকল ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। কর্মশালায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আজকের এই ভিন্নধর্মী কর্মশালার মাধ্যমে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ টেকনিক্যালি আরো দক্ষ হয়ে উঠবেন। এখান থেকে আপনারা যা শিখবেন তা প্রায়োগিক ক্ষেত্রে কাজে লাগাতে হবে। সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে। কর্মশালা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।