কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে
দেশব্যাপী সন্ত্রাসী হামলা জালাও-পোড়াও করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি’সহ নৈরাজ্যপূর্ণ তান্ডব চালানোর প্রতিবাদে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানিয়ে নোয়াখালীতে ঐক্য ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।
রোববার (২৮ জুলাই) বিকালে জেলা শহর মাইজদী প্রধান সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিএনপি-জামায়াত-শিবিরের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
ঐক্য ও শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি । সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে- ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেন সাংসদ একরামুল করিম চৌধুরী।
সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জজ আদালতের পিপি এডভোকেট গোলজার আহমেদ জুয়েল, আওয়ামী লীগ নেতা এডভোকেট আলতাফ হোসেন, মো. কামাল উদ্দিন, জেলা যুব লীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী আজগর প্রমূখ।
সমাবেশে সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা জালাও-পোড়াও করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়েছে। দেশকে ধ্বংস করে দেওয়ার চক্রান্তের চেষ্টা করা হয়েছে। ফিলিস্তিনের হত্যাকান্ডের ছবি বাংলাদেশের বলে প্রচার করে গুজব ছড়ানো হচ্ছে। বিএনপি-জামায়াত-শিবেরর ধ্বংসযজ্ঞ এবং মিথ্যা-গুজব প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের প্রতিও ঐক্যের আহব্বানের ইঙ্গিত দেন সাংসদ একরামুল করিম চৌধুরী।
ঐক্য ও শান্তি সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।