নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প সদস্যরা।
আটক তিন ডাকাত হলেন- রাসেল, নুরুদ্দিন এবং তারেক। তাদের কাছে থেকে দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত ১টার দিকে আন্ডারচর গ্রামে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তিনজন ছাড়া বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে সেনাবাহিনীর সুধারাম থানা ক্যাম্প কমানডার ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে দুটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটক তিন ডাকাতকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদেকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডাকাতদলকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।