বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ এখন পতিত শক্তি। এ শক্তি বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। নৃশংস অত্যাচার, নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। কিন্ত যার পতন আল্লার দরবারে কবুল হয়, সে হাজার হাজার মানুষের রক্ত দিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারেনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ জালেম ছিল, আমরা মজলুম ছিলাম। তাদের পরিচয় ভিন্ন। আওয়ামী লীগের মত আমরা নতুন করে জালেম হতে চাইনা। আমরা মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।
তিনি শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ নোয়াখালী সদরের পিয়াস মাহমুদ, মো.রাযহান ও মামুন হোসেনের পরিবারের সদস্যদের সান্তনা দিতে গিয়ে এসব কথা বলেন। এ তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ তিন শহিদের কবরে দোয়া, পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহীদ পরিবারগুলোকে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
মো: শাহজাহান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, নোয়াখালীতে সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার হয়নি। এমনকি আওয়ামী লীগ নেতাদের ওপরও কোনো হামলা হয়নি। এজন্য আমাদের অনেক কথা শুনতে হয়েছে। তারপরও সংখ্যালঘুদের ওপর ভর করে কিছু চক্রান্ত হয়েছে। যা এখনো অব্যাহত আছে। কিন্ত কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এ ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, সামাজিক নেতাদের নেতৃত্বের আস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো প্রমূখ আরও উপস্থিত ছিলেন।