রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের জনস্রোত
মোঃ ইদ্রিছ মিয়া।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের জনস্রোত নেমেছে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো নয়াপল্টন এলাকা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ সমাবেশ শুরু হয়।
বেলা ১২টার আগে থেকেই ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন। তারা হাতে দলীয় এবং জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। মাথায় হলুদ , লাল রঙের ক্যাপ পরেও নেতাকর্মীরা সমাবেশে আসেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এবং শান্তিনগর ফ্লাইওভার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। এখনো মিছিল নিয়ে আসছেন তারা। সমাবেশ কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।
সরজমিন দেখা গেছে, তীব্র রৌদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। মাথায় জাতীয় পতাকা বেঁধে উল্লাস করেন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। নয়াপল্টনে আশপাশের এলাকা ও অলিগলিতে অবস্থান করছেন রাজধানীর আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা।