নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে অবৈধ কারাখানায় অভিযান চালিয়ে দেড় টনের অধিক পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই কারাখানাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে চৌমুহনী বাজারের ‘বিসমিল্লাহ প্যাকেজিং’ নামে ওই কারখানায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন, বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চৌমুহনী বাজারের অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। এসময় বাজারজাত করার সময় এক হাজার ৮৭৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করেন। পরে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।