নোয়াখালী চাটখিলে দুই ইটভাটা ভেঙে দিলো প্রশাসন, জরিমানা ১লাখ ৫০ হাজার টাকা।
নোয়াখালী চাটখিল উপজেলায় অবৈধ দুই ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মোহাম্মদপুর ও নাহারখিল এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় এসএমবি ব্রিকস ও রূপালী ব্রিকস নামের দুটি ইটভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ভাটার অগ্নিনির্বাপণ করে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এতে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। তিনি বলেন, অবৈধ দুই ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় আদেশ অমান্য করায় এসএমবি ব্রিকসকে ৫০ হাজার এবং রূপালী ব্রিকসকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।