নোয়াখালীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উদযাপন
১লা মে ( বুধবার) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য ছিল—“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সুপার মার্কেট ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন নোয়াখালীর সম্মানিত জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। র্যালিতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও সাধারণ শ্রমজীবী মানুষ।র্যালি শেষে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, “ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক-মালিকের সম্মিলিত প্রচেষ্টাই হবে আগামীর উন্নত বাংলাদেশের চালিকা শক্তি।” বক্তৃতায় আরও গুরুত্বারোপ করা হয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর।
অনুষ্ঠানে আমন্ত্রিত শ্রমিক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ছিল শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক উদাহরণ।